
বর্তমান সরকারের আমলে সাংবাদিকরা আগের তুলনায় অধিকতর চাপমুক্ত পরিবেশে দায়িত্ব পালন করতে পারছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক কল্যাণে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
সোমবার (২৭ জুলাই) বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বরিশাল বিভাগের সাংবাদিকদের পেশাগত কল্যাণ, নিরাপত্তা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, "রাষ্ট্র ও সমাজকে প্রতিনিয়ত আয়নার সামনে দাঁড় করায় গণমাধ্যম। তাই দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ ও টিকে থাকা শুধু সরকারের নয়, রাষ্ট্র, সমাজ এবং মানুষের সম্মিলিত দায়িত্ব।"
তিনি আরও বলেন, "সাংবাদিকতা পেশার অস্তিত্ব ছাড়া একটি সভ্য সমাজ কল্পনা করা যায় না। তবে এ পেশাকে টিকিয়ে রাখার মতো কার্যকর পৃষ্ঠপোষকতার কাঠামো এখনো গড়ে ওঠেনি। এ কারণেই সাংবাদিকতা বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে।"
জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করা গেলে গণমাধ্যম আরও শক্তিশালী হবে এবং একটি শক্তিশালী গণমাধ্যম দেশের সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে। এ লক্ষ্যে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, দক্ষতা উন্নয়ন এবং কল্যাণমূলক কার্যক্রম জোরদারে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খোন্দকার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির, ট্রাস্টি বোর্ডের সদস্য কাওছার হোসেন খোন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা পেশাগত নিরাপত্তা জোরদার, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা সম্প্রসারণ, চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। এসব প্রস্তাব বাস্তবসম্মত উল্লেখ করে ধাপে ধাপে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
অনুষ্ঠান শেষে বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার মোট ৪৯ জন সাংবাদিকের হাতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক তুলে দেওয়া হয়।