
রাশিয়ার চলমান যুদ্ধ প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে উত্তর কোরিয়া অতিরিক্ত ৩০ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, মস্কো ও পিয়ংইয়ংয়ের সামরিক সহযোগিতা ক্রমেই গভীর হচ্ছে, যা শুধু ইউক্রেন নয়, পুরো এশিয়া অঞ্চলের নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ।
শনিবার (২৫ জুলাই) এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনের গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে। আসন্ন মৌসুমকে সামনে রেখে নতুন সেনা মোতায়েনের প্রস্তুতিও চলছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, গত মাস থেকেই রাশিয়ার ভোরোনেজ অঞ্চলে উত্তর কোরীয় সেনাদের গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে উত্তর কোরিয়া রাশিয়ার কাছে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
জেলেনস্কি বলেন, এই সামরিক সহযোগিতা কেবল ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য নয়, বরং উত্তর কোরিয়ার সেনাদের বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা অর্জন এবং তাদের অস্ত্র ব্যবহারের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও ভূমিকা রাখছে। তার ভাষায়, এর দীর্ঘমেয়াদি প্রভাব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির ওপরও পড়তে পারে।
২০২৪ সালের জুনে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারত্ব চুক্তির পর থেকে রাশিয়া ও উত্তর কোরিয়ার রাজনৈতিক এবং সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ২০২৫ সালের এপ্রিলে রাশিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকার করে, কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর দখল করা এলাকা পুনর্দখলের অভিযানে উত্তর কোরীয় সেনারা অংশ নিয়েছিল।
তথ্যসূত্র: রয়টার্স