
ভারতের রাজধানী দিল্লিতে চলমান আন্দোলনের উত্তাপ এবার কলকাতায় ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার (২৪ জুলাই) শহরজুড়ে মিছিলের পরিকল্পনা করে এ কর্মসূচির অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে দলটির প্রতিনিধিরা।
ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ জুলাই ও ২১ জুলাই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) এবং যুগ্ম কমিশনার (অপরাধ দমন) বরাবর ইমেইলের মাধ্যমে অনুমতির আবেদন পাঠানো হয়।
আবেদনপত্রে দেদীপ্য গঙ্গোপাধ্যায় নামে এক ব্যক্তি নিজেকে ককরোচ জনতা পার্টির সদস্য পরিচয় দিয়ে জানান, শুক্রবার বিকেল ৪টায় কলেজ স্কয়ার থেকে রাণী রাসমণি রোড পর্যন্ত মিছিল করার পরিকল্পনা রয়েছে।
ইমেইলে আরও উল্লেখ করা হয়েছে, কর্মসূচিতে প্রায় দেড় হাজার মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে পাঠানো আবেদনপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা পুলিশ।
তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, মিছিল আয়োজনের জন্য এখনো কোনো অনুমতি দেয়নি কলকাতা পুলিশ।