
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রকে অন্তর্বর্তী সমঝোতা চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, ওয়াশিংটন যদি চুক্তির শর্ত পালন না করে, তবে ইরানও ওই সমঝোতা অনুসরণ করবে না।
সোমবার (১৩ জুলাই) তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।
তিনি বলেন, প্রতিটি আলোচনায় ইরান অত্যন্ত সতর্কতার সঙ্গে দেশের জনগণের স্বার্থ ও উদ্বেগকে প্রাধান্য দিয়ে অংশ নিয়েছে। কোনো সমঝোতায় পৌঁছানোর পর ইরান সবসময় সদিচ্ছা ও আন্তরিকতার সঙ্গে নিজের প্রতিশ্রুতি পূরণ করেছে। ইসলামি প্রজাতন্ত্র কখনোই প্রথম পক্ষ হয়ে চুক্তি ভঙ্গ করেনি।
ইসমাইল বাঘেই আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ বন্ধের বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে ইরানও তাদের সঙ্গে স্বাক্ষরিত মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং অনুসরণ করবে না।
তিনি জানান, অতীতেও যখনই অপর পক্ষ নিজ দায়িত্ব পালন করেনি, তখন ইরানও সংশ্লিষ্ট প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে বিরত থেকেছে। ভবিষ্যতেও একই নীতি অনুসরণ করা হবে বলে জানান তিনি।
বিশ্লেষকদের মতে, এ বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওপর কূটনৈতিক চাপ আরও বাড়িয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।