
দেশের কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ৯ জেলার বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের বন্যাকবলিত এলাকাগুলোতে পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।
সোমবার (১৩ জুলাই) সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
অন্যদিকে উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও নতুন করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে এসব এলাকার বিদ্যমান বন্যা পরিস্থিতিও কিছুটা খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে পূর্বাভাসে স্বস্তির বার্তাও রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীসংলগ্ন নিম্নাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।