
ঘানায় চলতি সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিদর্শন বিভাগের পরিচালক রিচার্ড অ্যামো ইয়ার্টে জানিয়েছেন, এখন পর্যন্ত নিশ্চিত হওয়া নিহতদের মধ্যে রাজধানী আক্রাতেই প্রাণ হারিয়েছেন ১২ জন। নিখোঁজদের তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার টিভি৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যামো ইয়ার্টে বলেন, জরুরি উদ্ধারকারী দল এখনও নিখোঁজদের সন্ধানে কাজ করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, বন্যায় দেশের সাতটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৮৯ হাজার ৭৩৬ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রেটার আক্রা অঞ্চল, যেখানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৫৪ হাজার ৭১২ জন। এরপর রয়েছে সেন্ট্রাল অঞ্চল, যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২১ হাজার ৮৮২ জন।
এ ছাড়া ভোল্টা, ওয়েস্টার্ন, আশান্তি, ওয়েস্টার্ন নর্থ ও ইস্টার্ন অঞ্চলও বন্যার প্রভাবের মুখে পড়েছে। তবে অন্যান্য অঞ্চলের তুলনায় ইস্টার্ন অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ অপেক্ষাকৃত কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বন্যার পানিতে বহু ঘরবাড়ি, সড়ক ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে।