
রাউন্ড অব-৩২ পর্ব শেষ হওয়ার পর আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। প্রথম দিনের অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হবে গত আসরের রানার্সআপ ফ্রান্স ও দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়ে। এই ম্যাচে ফ্রান্সের বড় ব্যবধানে জয়ের পূর্বাভাস দিয়েছেন দেশটির বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফ দুগারি।
সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। অন্যদিকে জার্মানির বিপক্ষে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়ে নকআউটে জায়গা করে নেয় প্যারাগুয়ে।
ফ্রান্সের সাবেক এই স্ট্রাইকার মনে করেন, বর্তমান ফর্ম বিবেচনায় ফরাসিদের সামনে প্যারাগুয়ের টিকে থাকা কঠিন হবে। তার মতে, গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউটের প্রথম ম্যাচ পর্যন্ত ফ্রান্স যেভাবে খেলছে, তাতে তারা টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবেই নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য দুগারি বলেন, "সবাইকে গুড়িয়ে দিচ্ছে ফ্রান্স। আমি নিশ্চিত করে বলছি, প্যারাগুয়েকে বড় ব্যবধানে হারতে হবে। রক্ষণাত্মক খেলার চেষ্টা করবে প্যারাগুয়ে। কারণ কোনো বড় ম্যাচ খেলার মতো সক্ষমতা তাদের নেই। এ ব্যাপারে তাদের সামর্থ্য কম। আক্রমণভাগের বিচারে তারা এক কথায় দুর্বল।"
ফরাসি দলের আক্রমণভাগের প্রশংসা করে তিনি আরও বলেন, "আমাদের মোকাবিলা করার মতো কোনো কৌশল কারও আছে? কোনো দল আমাদের এই আক্রমণভাগের ত্রয়ীকে থামাতে পারে? বা এই চারজনকে থামাবে? কোনো দল আমাদের কোনো সমস্যায় ফেলতে পারবে?"
এদিকে প্যারাগুয়ে জার্মানির মতো শক্তিশালী প্রতিপক্ষকে বিদায় জানিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। ফলে মাঠের লড়াইয়ে তারা ফ্রান্সকে চ্যালেঞ্জ জানাতে কতটা সক্ষম হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।