
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য তেহরানকে এক সপ্তাহ সময় দিয়েছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি করেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের পর ইরান আলোচনায় আগ্রহী হয়ে উঠেছে। তার ভাষায়, মানবিক বিবেচনায় খামেনির দাফন প্রক্রিয়া শেষ করার সুযোগ দিতে যুক্তরাষ্ট্র এই সময় দিয়েছে।
অনুষ্ঠানে বক্তব্যের সময় সাম্প্রতিক আন্তর্জাতিক ইস্যুগুলোও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পরিচালিত অভিযান দ্রুত সফলতা অর্জন করেছে।
এ সময় যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও স্বাধীন দেশ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। পাশাপাশি দেশে কমিউনিজমের বিস্তার নিয়ে সতর্ক করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কখনো কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত হবে না।
তবে ইরানের সর্বোচ্চ নেতার দাফন অনুষ্ঠানের জন্য সময় দেওয়ার বিষয়ে ট্রাম্পের এই বক্তব্যের ব্যাপারে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।