
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শোকানুষ্ঠানে অংশ নেওয়া সমর্থকদের হাতে প্রতিশোধের প্রতীক হিসেবে লাল পতাকা দেখা গেছে। শনিবার তেহরানে আয়োজিত শোক সমাবেশে শত শত মানুষের হাতে এই পতাকা বহন করতে দেখা যায়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোহাম্মদ ইসলামি বলেন, খামেনির অনুসারীরা প্রতিশোধের প্রতীক হিসেবে এসব লাল পতাকা ব্যবহার করছেন।
তার ভাষ্য, যারা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানোর জন্য সমর্থকরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।
মোহাম্মদ ইসলামি আরও বলেন, খামেনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, বরং ইরানের রাষ্ট্রীয় ও ধর্মীয় কাঠামোয় তার ভূমিকা ছিল আরও গভীর ও প্রভাবশালী।
এদিকে জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেহরানে আসা মানুষের আবাসনের ব্যবস্থা করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইরান সরকার। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানসহ বিভিন্ন অঞ্চলে পাঁচ হাজারের বেশি স্কুল সাময়িকভাবে খুলে দেওয়া হয়েছে।
দেশটির শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, তীর্থযাত্রী ও শোকাহত মানুষের জন্য প্রায় ৪০ থেকে ৫০ হাজার শ্রেণিকক্ষ ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে।
ইরানি গণমাধ্যমগুলোর ধারণা, খামেনির শেষ বিদায়ে অংশ নিতে রাজধানী তেহরানে এক কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে। পাশাপাশি বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের অতিথিরাও অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।