
ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ ইতালিতে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। প্রচণ্ড গরমে দেশটিতে এখন পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সঙ্গে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহান্তে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
মঙ্গলবার ও বুধবার দেশটির বিভিন্ন এলাকায় গরমজনিত কারণে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর আগে লোদি অঞ্চলে মাঠে কাজ করার সময় ৫৭ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। সর্বশেষ মৃতদের মধ্যে রয়েছেন পিয়াচেঞ্জা প্রদেশের একটি আঙুরখেতের ৬১ বছর বয়সী কৃষক, গারলাসকোর ৫৬ বছর বয়সী এক ব্যক্তি, নেপলসের এক গৃহহীন ব্যক্তি এবং পাদোভার এক শ্রমিক।
চরম তাপপ্রবাহের প্রভাব পড়েছে পর্যটন খাতেও। ফ্লোরেন্সের বিখ্যাত উফিজি গ্যালারির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় দর্শনার্থী প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। পাশাপাশি সাময়িকভাবে টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় ইতালির স্বাস্থ্যমন্ত্রী ওরাজিও শিল্লাচি জরুরি কারিগরি বৈঠক ডেকেছেন। তিনি জানিয়েছেন, প্রবীণ, শিশু এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি খোলা আকাশের নিচে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা চলছে।
অস্বাভাবিক গরমের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহেও বিঘ্ন দেখা দিয়েছে। বিশেষ করে আব্রুজ্জো অঞ্চলের পেসকারা ও তেরামো এলাকায় শত শত পরিবার এবং ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে। কিছু এলাকায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।
আবহাওয়াবিদদের মতে, উত্তর আফ্রিকা থেকে আসা উষ্ণ বায়ুপ্রবাহের কারণেই ইতালিতে এই তীব্র তাপপ্রবাহ তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে বিশেষ করে উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, শুধু দিনের বেলায় নয়, রাতেও অস্বাভাবিক গরম অব্যাহত থাকবে। অনেক এলাকায় রাতের তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না, যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ। পরিস্থিতির আরও অবনতি হলে দেশজুড়ে কঠোরতর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।