
সৌদি আরবে বিদেশি নাগরিক ও প্রবাসীদের জন্য সম্পত্তির মালিকানার পথ আরও বিস্তৃত হয়েছে। দেশটির মন্ত্রিসভা বিদেশিদের রিয়েল এস্টেট মালিকানা সংক্রান্ত নির্বাহী বিধিমালার অনুমোদন দিয়েছে, যার ফলে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের জমি ও স্থাবর সম্পত্তি কিনতে পারবেন।
মঙ্গলবার (২৩ জুন) সৌদি মন্ত্রিসভা এ সংক্রান্ত বিধিমালার অনুমোদন দেয়। এর মাধ্যমে নির্ধারিত ভৌগোলিক এলাকায় বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পত্তি মালিকানার সুযোগ কার্যকর হওয়ার পথ সুগম হলো।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে বিদেশিদের সম্পত্তি মালিকানা বিষয়ে একটি নতুন আইন কার্যকর করা হয়। সেই আইনের ধারাবাহিকতায় এবার নির্বাহী বিধিমালা অনুমোদনের ফলে বাস্তবায়ন প্রক্রিয়া আরও স্পষ্ট হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং নির্ধারিত শর্ত পূরণের মাধ্যমে বিদেশিরা এখন বৃহৎ পরিসরে স্থাবর সম্পত্তির মালিক হতে পারবেন।
নতুন ব্যবস্থার আওতায় আবাসিক, বাণিজ্যিক, কৃষি ও শিল্প খাতের জমিসহ বিভিন্ন ধরনের সম্পত্তি কেনার সুযোগ থাকবে। পাশাপাশি সৌদি আরবে বৈধভাবে পরিচালিত বিদেশি কোম্পানিগুলো তাদের ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী অফিস, কারখানা বা গুদাম নির্মাণ ও পরিচালনার জন্য জমি ও ভবন কিনতে পারবে।
সৌদি সরকারের এই উদ্যোগ দেশটির দীর্ঘমেয়াদি অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনা ‘ভিশন ২০৩০’-এর অংশ। কর্মসূচিটির অন্যতম লক্ষ্য হলো বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, বেসরকারি খাতের বিকাশ এবং আবাসন খাতকে আরও গতিশীল করা।
বিশ্লেষকদের মতে, নতুন বিধিমালা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য সৌদির সম্পত্তি বাজারকে আরও আকর্ষণীয় করে তুলবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বৃহৎ আবাসন খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে।
তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বহুমুখী অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে সৌদি আরব বর্তমানে বিভিন্ন নগর উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করছে। বিদেশিদের জন্য সম্পত্তি মালিকানার সুযোগ সম্প্রসারণ সেই রূপান্তর প্রক্রিয়াকে আরও গতি দেবে বলে মনে করা হচ্ছে।