
কৌশলগত ও ভূ-রাজনৈতিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালির সার্বিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনল ইরান। পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথটির কার্যক্রমে আরও গতিশীলতা ও সমন্বয় আনতে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরিষদ জানিয়েছে, নতুন এই সংস্থার নামকরণ করা হয়েছে ‘পারসিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ বা পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ। হরমুজ প্রণালির নিরাপত্তা তদারকি, নৌ-চলাচল ব্যবস্থাপনা এবং কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই নবগঠিত কর্তৃপক্ষ মূল ভূমিকা পালন করবে।
পাশাপাশি, এই আন্তর্জাতিক জ্বালানি করিডোরের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা সংক্রান্ত যেকোনো ধরনের হালনাগাদ তথ্য তাৎক্ষণিকভাবে (রিয়েল-টাইম) জানানোর দায়িত্বও থাকবে এই সংস্থার ওপর। বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম প্রধান এই খনিজ তেল পরিবহন রুটে নিজেদের আধিপত্য ও নজরদারি আরও সুসংহত করতেই তেহরান এই বিশেষ উদ্যোগ নিয়েছে।
সূত্র: আল-জাজিরা