
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটির মধ্যেও দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঈদের দিন ছাড়া আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন সীমিত আকারে খোলা থাকবে।
সোমবার (১৮ মে) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।
নির্দেশনায় বলা হয়েছে, বৈদেশিক বাণিজ্য সচল রাখা এবং পণ্য খালাস কার্যক্রম গতিশীল করতে ছুটির দিনগুলোতেও প্রয়োজনীয় কাস্টমস কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে ঈদের দিন সব কার্যক্রম বন্ধ থাকবে।
মূলত তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যবসায়ীরা এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে রপ্তানি আদেশ সময়মতো জাহাজীকরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য বন্দর, কাস্টমস, ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিরবচ্ছিন্ন সহযোগিতা প্রয়োজন।
ব্যবসায়ীদের দাবি বিবেচনায় নিয়েই দীর্ঘ ঈদ ছুটির মধ্যেও কাস্টমস স্টেশন সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে ছুটির সময়ে বন্দরে পণ্যজট কমবে এবং তৈরি পোশাকসহ রপ্তানিমুখী শিল্পের শিপমেন্ট নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে।