পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত শুভেন্দু অধিকারী রাজ্যের জনগণের উদ্দেশে আস্থা ও উন্নয়নের নতুন বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এখন সময় ভয় নয়, ভরসার রাজনীতি প্রতিষ্ঠার।
শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে দেওয়া ভাষণে শুভেন্দু অধিকারী বলেন, এখন থেকে রাজ্যে ‘ভয় আউট, ভরসা ইন’ নীতি বাস্তবায়ন করা হবে। তার বক্তব্যে তিনি নারী নিরাপত্তা, প্রশাসনিক স্বচ্ছতা এবং উন্নত ‘সোনার বাংলা’ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে বিজেপির বিধায়ক দলের নেতা হিসেবে ঘোষণা করার পরই তার নাম মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত হয় বলে দলীয় সূত্র জানায়। এর মাধ্যমে পশ্চিমবঙ্গ প্রথমবারের মতো বিজেপি শাসনের পথে এগোচ্ছে।
শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতিগত প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন। তিনি বলেন, দল কথায় নয়, কাজে বিশ্বাসী এবং নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।
২৯৪ আসনের বিধানসভায় ২০৭টি আসন পেয়ে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকে তিনি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হিসেবে উল্লেখ করেন। তার মতে, এই ফলাফল রাজ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এই নির্বাচনে তিনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন এবং নন্দীগ্রাম আসনেও জয় ধরে রাখেন, যা তার রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করে।
অমিত শাহ তাকে ‘যোদ্ধা’ হিসেবে অভিহিত করে বলেন, নানা বাধা অতিক্রম করেই তিনি এই অবস্থানে পৌঁছেছেন। ভারতের বিভিন্ন শীর্ষ রাজনীতিবিদও তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার নেতৃত্বে পশ্চিমবঙ্গের উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।