
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী নির্ধারণকে ঘিরে তৎপরতা জোরদার করেছে বিজেপি। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে আজ রাতেই সেখানে পৌঁছাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির কেন্দ্রীয় নেতা অমিত শাহ।
দলীয় সূত্র জানায়, বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন প্রক্রিয়ায় প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন তিনি। এ কাজে তাকে সহায়তা করবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।
বিজেপির দলীয় রীতি অনুযায়ী, যেকোনো রাজ্যে নির্বাচনের পর পরিষদীয় দলনেতা নির্বাচনে কেন্দ্র থেকে পর্যবেক্ষক পাঠানো হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবার পরিস্থিতি ভিন্ন—এখন পর্যন্ত বিরোধী দলে থাকা বিজেপি সরকার গঠনের পথে। ফলে যিনি পরিষদীয় দলনেতা নির্বাচিত হবেন, তিনিই হবেন নতুন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এই বৈঠকেই নির্ধারিত হতে যাচ্ছে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম।
এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করার ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা হারিনি, তাই পদত্যাগের প্রশ্নই আসে না।’