
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখনো শেষ হয়ে যায়নি।
মঙ্গলবার (৫ মে) পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের একটি সাময়িক অভিযান চালানো হচ্ছে, যার লক্ষ্য ইরানের আগ্রাসন থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখা। তার দাবি, যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি জাহাজ ইতোমধ্যে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যা পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দেয়।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, “ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে।” তবে একই সঙ্গে তেহরানকে সতর্ক করে তিনি বলেন, তাদের কর্মকাণ্ড যেন নতুন করে উত্তেজনা সৃষ্টি না করে।
উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে হয়ে থাকে। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই প্রণালির নিরাপত্তা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে তেহরান সাময়িকভাবে প্রণালি বন্ধ করে দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু করে।
সূত্র: বিবিসি