
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সৃষ্ট উদ্বেগ কাটিয়ে অবশেষে দেশে পৌঁছাল অপরিশোধিত জ্বালানি তেলের বড় একটি চালান। হরমুজ প্রণালির ঝুঁকি এড়িয়ে সৌদি আরব থেকে ১ লাখ ৩৯৫ টন ক্রুড অয়েল নিয়ে বাংলাদেশের জলসীমায় নোঙর করেছে বিশালকার ট্যাংকার ‘এমটি নিনেমিয়া’।
২৪৯.৯৫ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই জাহাজটি বুধবার (৬ মে) দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছানোর কথা রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই চালানের মাধ্যমে দেশের জ্বালানি সংকটে বড় ধরনের স্বস্তি ফিরবে।
তেল খালাস ও পরিশোধন প্রক্রিয়া
জাহাজটি বন্দরে পৌঁছানোর পর শুল্ক বিভাগ এবং সার্ভেয়ার প্রতিষ্ঠানের প্রয়োজনীয় দাপ্তরিক কাজ ও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। এই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই শুরু হবে ‘লাইটারিং’ কার্যক্রম। মূল জাহাজটি আকারে বড় হওয়ায় ছোট ছোট ট্যাংকারে করে এই তেল চট্টগ্রামস্থ ইস্টার্ন রিফাইনারিতে স্থানান্তর করা হবে। সেখানে পৌঁছানোর পর দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে তেল পরিশোধনের মূল কাজ।
বন্ধ ইউনিট চালুর সম্ভাবনা
জ্বালানি তেলের এই চালানটি বাংলাদেশের জন্য অত্যন্ত সময়োপযোগী। উল্লেখ্য, অপরিশোধিত তেলের মজুদ ফুরিয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ‘ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট’ বা তেল পরিশোধন ইউনিটটি সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। নতুন এই আমদানির ফলে দীর্ঘ প্রতীক্ষার পর পুনরায় উৎপাদনে ফিরছে এই ইউনিটটি।
আসছে আরও এক লাখ টন তেল
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির আরও একটি বড় চালান পাইপলাইনে রয়েছে।
বিপিসি আরও জানায়, ‘খুব শিগগিরই আরও এক লাখ টন অপরিশোধিত তেল দেশে পৌঁছাবে। নর্ডিকস পলাক্স’ নামক অপর একটি জাহাজে এই পরিমাণ তেল দেশে আসার কথা রয়েছে। তবে হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার কারণে জাহাজটি বর্তমানে সৌদি আরবের পূর্ব উপকূলীয় রাস তানুরা বন্দরে আটকা পড়ে আছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুততম সময়ে সেটিও দেশের পথে রওনা হবে বলে আশা করা হচ্ছে।