
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া-তে টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় পুলিশ সার্ভিস রোববার (৩ মে) এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, থারাকা নিথি, এলগেয়ো-মারাকওয়েট এবং কিয়াম্বু কাউন্টিতে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, কাদা ও ভূমিধসে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাজধানী নাইরোবি-র বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। পথচারী ও যানবাহন কোমরসমান পানির মধ্যে চলাচল করছে।
এদিকে, বৃষ্টির কারণে সড়কের বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন নাইরোবির মাকঙ্গেনি ও রুয়াই এলাকার ব্যবসায়ীরা। তারা রোববার রাস্তা সংস্কার ও ব্যবসায়িক ক্ষতির প্রতিবাদে বিক্ষোভ করেছেন।
এর আগে দেশটির আবহাওয়া বিভাগ সতর্ক করে জানায়, অতিবৃষ্টির কারণে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে এবং ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, দুই মাসেরও কম সময়ের মধ্যে কেনিয়ায় এটি দ্বিতীয় দফা প্রাণঘাতী বন্যা। গত মার্চে নাইরোবিতে বন্যায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছিল।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পূর্ব আফ্রিকা-র দেশগুলোতে এ ধরনের চরম আবহাওয়া ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।