
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের মধ্যপ্রদেশ হাইকোর্ট-এর গ্বালিয়র বেঞ্চে এক অস্বাভাবিক পারিবারিক মামলা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুই সহোদর বোন নিজেদের স্বামী অদলবদলের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।
মামলার সূত্রপাত একটি হেবিয়াস কর্পাস আবেদনের মাধ্যমে। দতিয়া জেলার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও কন্যাকে তার ভায়রাভাই অপহরণ করেছেন। অভিযোগের পর আদালত পুলিশকে নির্দেশ দেয় অভিযুক্তসহ সংশ্লিষ্টদের আদালতে হাজির করতে।
পরে আদালতে হাজির করা হলে ‘অপহৃতা’ নারী জানান, তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর কাছে গেছেন এবং তার সঙ্গেই থাকতে চান। তিনি আরও বলেন, নিজের স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এবং তিনি ইতোমধ্যে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন।
অন্যদিকে, অপর বোনও আদালতে জানান, তিনি নিজের স্বামীর সঙ্গে থাকতে আগ্রহী নন এবং বোনের স্বামীর সঙ্গেই থাকতে চান। আদালতে উপস্থিত হয়ে দুই বোনই পারস্পরিক সম্মতিতে স্বামী অদলবদলের অনুমতি চান।
বিচারপতি পর্যবেক্ষণে বলেন, সংশ্লিষ্ট সবাই প্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি ফৌজদারি অপহরণ নয়, বরং একটি পারিবারিক বিরোধ। আদালত তাদের পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেন।
শেষ পর্যন্ত হেবিয়াস কর্পাস আবেদনটি খারিজ করে দেয় আদালত। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।