
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বিশাল অর্থনৈতিক সম্ভাবনা থাকা সত্ত্বেও আঞ্চলিক বাণিজ্য খুবই সীমিত।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্মিলিত জিডিপি প্রায় ৫৯ ট্রিলিয়ন মার্কিন ডলার হলেও পারস্পরিক বাণিজ্যের হার মাত্র ১ শতাংশের কাছাকাছি, যা সম্ভাবনার তুলনায় অত্যন্ত কম।
তিনি বলেন, এই বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো জরুরি।
বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। নবায়নযোগ্য জ্বালানি—বিশেষ করে সৌর ও জলবিদ্যুৎ খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনাও গুরুত্ব পায়।
মন্ত্রী বলেন, সীমান্তবর্তী এলাকায় জলবিদ্যুৎ প্রকল্প স্থাপন দুই দেশের জন্যই লাভজনক হতে পারে।
ভুটানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ভুটানের বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠ এবং ভবিষ্যতে এটি আরও সম্প্রসারিত করার সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশের সঙ্গে মেডিকেল শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের কথাও উল্লেখ করেন।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এবং ভুটানের মিনিস্টার কাউন্সিলর (ট্রেড) দাওয়া শেরিং উপস্থিত ছিলেন।