
পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় গিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
শনিবার (২৫ এপ্রিল) এক জনসভায় তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধু ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ করেন, কিন্তু বাস্তবে তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেন না।
রাহুল গান্ধী বলেন, তাঁর বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে এবং তিনি দেশের বিভিন্ন আদালতে নিয়মিত হাজিরা দেন। পাশাপাশি ইডি তাকে দীর্ঘ সময় জেরা করেছে বলেও দাবি করেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের একই ধরনের কঠোরতা দেখা যায় না বলে মন্তব্য করেন তিনি।
তিনি প্রশ্ন তোলেন, “মোদিজি মমতাজির বিরুদ্ধে কতটি মামলা করেছেন, কত ঘণ্টা তাকে জেরা করা হয়েছে?”—এমন প্রশ্ন তুলে তিনি দাবি করেন, বিজেপির প্রকৃত রাজনৈতিক লড়াই কংগ্রেসই করছে।
রাহুল গান্ধী আরও বলেন, নির্বাচন শেষ হলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর কোনো সমালোচনা শোনা যায় না। তাঁর মতে, বিজেপির বিরুদ্ধে একমাত্র কংগ্রেসই সরাসরি লড়াই করছে।
সভায় তিনি পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা, বেকারত্ব ও সাধারণ মানুষের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও তৃণমূল সরকারের সমালোচনা করেন। একই সঙ্গে তিনি রাজ্যের ভোটারদের বিজেপিকে রুখতে কংগ্রেসকে শক্তিশালী করার আহ্বান জানান।