
শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালিয়ে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার চুরির ঘটনা ঘটেছে। এটি দেশটির সরকারি কোনো প্রতিষ্ঠানে এখন পর্যন্ত সবচেয়ে বড় সাইবার অর্থচুরির ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করা হয়। ঘটনায় পাবলিক ডেট ম্যানেজমেন্ট অফিসের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ের সচিব হার্শানা সুরিয়াপেরুমা জানান, চুরি হওয়া অর্থটি অস্ট্রেলিয়ার কাছে ঋণ পরিশোধের জন্য পাঠানোর কথা ছিল। তবে তদন্তে দেখা যায়, নির্ধারিত অর্থ হঠাৎ করেই মন্ত্রণালয়ের হিসাব থেকে অদৃশ্য হয়ে যায়।
তিনি আরও বলেন, প্রথমে মন্ত্রণালয়ের ই-মেইল সার্ভারে অনুপ্রবেশের চেষ্টা শনাক্ত হয়। এরপর তদন্তে অর্থ চুরির বিষয়টি নিশ্চিত করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় ফৌজদারি তদন্ত চলছে। পাশাপাশি আন্তর্জাতিক আইনশৃঙ্খলা সংস্থার সহায়তা চাওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার কূটনৈতিক প্রতিনিধিরাও বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং শ্রীলংকার সঙ্গে সমন্বয়ে কাজ করছেন।
এই ঘটনার মধ্য দিয়ে শ্রীলংকার আর্থিক ব্যবস্থার ওপর সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটি যখন ২০২২ সালের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে, তখনই এ ধরনের বড় অর্থচুরির ঘটনা সামনে এলো।