
আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের বৈধ পারমাণবিক অধিকার খর্ব করার ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই।
রোববার (১৯ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান সংঘাত বাড়াতে আগ্রহী নয়; বরং কেবল আত্মরক্ষার প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। তার ভাষায়, ‘মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না, কিন্তু তিনি ইরানের কোনো 'অপরাধের কথা' উল্লেখ করেন না। তাহলে তিনি কে, যিনি একটি জাতিকে তার বৈধ অধিকার থেকে বঞ্চিত করবেন?’
তিনি আরও বলেন, ‘ইরান যুদ্ধ বিস্তার করতে চায় না এবং সংঘাত শুরুও করেনি, ভবিষ্যতেও করবেও না। আমরা কোনো দেশের ওপর হামলা করিনি এবং বর্তমান পরিস্থিতিতে কারও ওপর হামলার কোনো ইচ্ছাও নেই। আমরা কেবল বৈধ আত্মরক্ষার জন্য প্রতিরোধ করছি।’
এ সময় বেসামরিক ও বৈজ্ঞানিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়ে পেজেশকিয়ান বলেন, ‘বিজ্ঞানীদের হত্যা, বৈজ্ঞানিক কেন্দ্রগুলোতে হামলা, নিরীহ মানুষকে লক্ষ্য করা এবং ১৬৮ জন স্কুলশিক্ষার্থীকে হত্যা করার কোনো যুক্তি নেই। বিশ্বের কোনো স্বাধীন মানুষই এমন আচরণ মেনে নিতে পারে না।’