
ইরানের খুজেস্তান প্রদেশ-এর গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার অভিযোগ উঠেছে। প্রদেশটির ডেপুটি গভর্নর ভ্যালিওল্লাহ হায়াতি এ তথ্য জানিয়েছেন।
তার বরাতে জানা যায়, শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে প্রাদেশিক রাজধানী আহভাজ শহরের পূর্ব ও পশ্চিমে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর মাত্র দুই মিনিট পর, সকাল ১০টা ৪৭ মিনিটে মাহশাহর-এর বিশেষ পেট্রোকেমিক্যাল অঞ্চলে আরও তিনটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তখনও নিশ্চিত করা যায়নি।
কর্মকর্তারা জানান, ফজর-১, ফজর-২, রেজাল ও আমির কবিরসহ একাধিক পেট্রোকেমিক্যাল কারখানা হামলার শিকার হয়েছে। এতে হতাহতের আশঙ্কার কথাও জানানো হয়েছে।
এছাড়া বেলা ১১টার দিকে খোররামশাহর-এর শলামচেহ সীমান্ত বাণিজ্য টার্মিনালে হামলা চালানো হয়, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে আবু আলী পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং বন্দর-ই ইমাম খোমেনি স্থাপনাতেও আঘাত হানে যুদ্ধবিমান।
সর্বশেষ তথ্য অনুযায়ী, মাহশাহর ও বন্দর-ই ইমাম খোমেনি এলাকায় হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সব কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এখন পর্যন্ত কোনো ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়েনি এবং পার্শ্ববর্তী শহরগুলোর জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি