
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি নাকচ করেছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ২ এপ্রিল (বৃহস্পতিবার) একটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে তেহরানের কাছে দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায় ওয়াশিংটন। তবে প্রস্তাবের জবাবে ইরান হামলার তীব্রতা আরও বাড়িয়ে দেয়।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরানের নতুন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তাদের তুলনামূলকভাবে বেশি বিচক্ষণ বলেও উল্লেখ করেন।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই বক্তব্য একাধিকবার প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একাধিক প্রস্তাব পাওয়া গেলেও সেগুলো ‘অযৌক্তিক’ বলে বিবেচিত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি সম্প্রতি আল-জাজিরাকে বলেন, তেহরান ওয়াশিংটনের ১৫ দফা প্রস্তাবে কোনো সাড়া দেয়নি এবং আলোচনায় বসার সিদ্ধান্তও নেয়নি। তিনি চলমান যোগাযোগকে আনুষ্ঠানিক আলোচনা নয়, বরং বার্তা বিনিময় হিসেবে উল্লেখ করে বলেন, তেহরান ‘যুদ্ধবিরতিতে রাজি হবে না’ এবং ‘এই অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান’ চায়।
ফার্স নিউজের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী যখন ক্রমবর্ধমান চাপ ও চ্যালেঞ্জের মুখে রয়েছে, তখনই এই প্রস্তাব আসে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে একটি মার্কিন সামরিক গুদামে হামলার পর যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে কূটনৈতিক উদ্যোগ আরও জোরদার করেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত অন্তত ১,৩৪০ জন নিহত হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি থাকা দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।