
সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির মহাকাশ বিভাগের কমান্ডার সাইয়্যেদ মাজিদ মুসাভি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইরাকে মার্কিন আগ্রাসন ও দুষ্কৃতি এবং ইসরায়েলি সেনাদের ‘কাপুরুষোচিত’ বিমান হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরবের আল-খারাজে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটির বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তু ছিল বিশেষ করে বিমান-উড্ডয়ন সংশ্লিষ্ট কর্মীদের আবাসন এলাকা এবং সমাবেশ কেন্দ্র।
মুসাভির দাবি অনুযায়ী, এসব হামলায় উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গিবিমানের পাইলটসহ ২০০-এর বেশি মার্কিন সেনা হতাহত হয়েছেন।
তিনি আরও জানান, এই ক্ষয়ক্ষতির হিসাব তৈরির সময় এওয়াক্স বিমান এবং জ্বালানি ট্যাংকারগুলোর ক্ষতি এতে অন্তর্ভুক্ত করা হয়নি; কেবল বিমান পরিচালনাসংশ্লিষ্ট কর্মীদের ক্ষতিই বিবেচনায় নেওয়া হয়েছে।
সূত্র: পার্সটুডে