
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সামরিক প্রস্তাবকে সরাসরি ‘অবাস্তব’ আখ্যা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ইরান ইস্যুতে সম্ভাব্য কোনো সামরিক অভিযানে ফ্রান্স অংশ নেবে না এবং পরিস্থিতি সমাধানে কূটনৈতিক পথই একমাত্র কার্যকর বিকল্প।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দক্ষিণ কোরিয়ায় সরকারি সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এর আগে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে সামরিক শক্তি প্রয়োগের আহ্বান জানিয়ে বক্তব্য দেন ট্রাম্প, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া তৈরি হয়। এমন প্রেক্ষাপটেই ফরাসি প্রেসিডেন্ট কঠোর ভাষায় বলেন, ‘সামরিক শক্তি দিয়ে হরমুজ প্রণালি দখল বা নিয়ন্ত্রণের চিন্তা সম্পূর্ণ অবাস্তব।’
মাখোঁ আরও বলেন, বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে হলে আগে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করা জরুরি। তিনি ইঙ্গিত দেন, প্রয়োজন হলে আন্তর্জাতিক সহায়তায় একটি সামরিক উপস্থিতি সহায়ক ভূমিকা রাখতে পারে, তবে তা কোনোভাবেই আগ্রাসী অভিযানে রূপ নেওয়া উচিত নয়।
সরাসরি সংঘাতে জড়ানোর প্রশ্নে নিজের অবস্থান পরিষ্কার করে মাখোঁ জানান, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই অভিযানে ফ্রান্স অংশ নেবে না।’ তিনি বর্তমান সংঘাতের ভবিষ্যৎ নিয়েও সংশয় প্রকাশ করে বলেন, নিরপেক্ষ তদারকি ছাড়া এ ধরনের সামরিক পদক্ষেপের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ।
ইরানের পারমাণবিক সক্ষমতা প্রসঙ্গে সতর্ক করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, দেশটিতে এখনো দক্ষ বিজ্ঞানী ও গোপন স্থাপনা সক্রিয় রয়েছে। ফলে স্বল্পমেয়াদি সামরিক হামলা দিয়ে দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।