
ইসরায়েলের হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি নিহত হয়েছেন—এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান, যা অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে তার ওপর হামলা চালানো হয় বলে জানায় ইসরায়েল, এবং তারাই প্রথম মৃত্যুর খবর প্রকাশ করে। প্রায় একদিন পর, বাংলাদেশ সময় বুধবার রাত প্রায় ৩টার দিকে ইরান আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে।
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এ বিষয়ে একটি বিবৃতি দেয়, যা প্রকাশ করে মেহের নিউজ। বিবৃতিতে বলা হয়, ইরান এবং ইসলামি বিপ্লবের আদর্শকে সমুন্নত রাখার আমৃত্যু সংগ্রাম শেষে, অবশেষে আলি লারিজানি তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করলেন। সত্যের ডাকে সাড়া দিয়ে, দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে তিনি লাভ করলেন শাহাদাতের পরম গৌরব।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুর পর কার্যত দেশের নেতৃত্বের দায়িত্বে উঠে আসেন আলি লারিজানি এবং তার নির্দেশনায় ইরান যুদ্ধ পরিচালনা করছিল বলে জানা যায়।
সূত্র জানিয়েছে, খামেনি মৃত্যুর আগে লারিজানিকেই দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে গিয়েছিলেন।
এই ঘটনার তথ্য প্রকাশ করেছে মেহের নিউজ এবং আলজাজিরা।