
আফগানিস্তানের রাজধানী কাবুলসহ সীমান্তবর্তী কয়েকটি প্রদেশে পাকিস্তানি বাহিনীর নতুন করে চালানো হামলায় অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৩ মার্চ) ঘটে যাওয়া এই হামলার তথ্য নিশ্চিত করেছে আফগান পুলিশ।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান পাকিস্তানের হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ইসলামাবাদের চালানো এই হামলায় শহরের আবাসিক ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। তালেবান কর্মকর্তাদের দাবি, পাকিস্তানের এই হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
এদিকে তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের বিমানবন্দরেও হামলা চালিয়েছে পাকিস্তান। তিনি আরও বলেন, কান্দাহার বিমানবন্দরের কাছাকাছি একটি বেসরকারি এয়ারলাইনের জ্বালানি ডিপোকেও লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।
তবে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের অভিযানে কোনো বেসামরিক নাগরিক নিহত হয়নি।
অন্যদিকে জাতিসংঘের আফগানিস্তান মিশন ইউনামা জানিয়েছে, পাকিস্তানের সামরিক অভিযানের ফলে গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত আফগানিস্তানে অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৪ জনই শিশু।