
ইরানের রাজধানী তেহরানে একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার পরপরই অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ ধ্বংস হয়ে আগুনে পুড়ে যায়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, আগুনে জ্বলতে থাকা একটি গাড়ি থেকে ঘন ধোঁয়া উঠছে এবং জরুরি সেবা কর্মীদের পোশাক পরা এক ব্যক্তি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
অন্যদিকে সিটিজেন জার্নালিজম গ্রুপ মামলেকাত এক্সে জানায়, তেহরানের পূর্বাঞ্চলের তেহরানপার্স এলাকায় একটি সরু সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বিকট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই সেখানে চলমান একটি অ্যাম্বুলেন্স আচমকা থেমে যায়।
ঘটনার পরপরই হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা দিয়েছিল যে তারা ইরানে “বিস্তৃত পরিসরে হামলা” শুরু করেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করেছে। আনুষ্ঠানিকভাবে শুধু সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার কথা বলা হলেও বাস্তবে স্কুল, হাসপাতাল, আবাসিক ভবন এবং বাণিজ্যিক বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক স্থাপনাও হামলার শিকার হচ্ছে। এর মধ্যে হরমুজগান প্রদেশের মিনাব জেলায় একটি গার্লস স্কুলে মার্কিন হামলায় অন্তত ১৭৫ জন স্কুলছাত্রী ও স্টাফ নিহত হয়েছে।