
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েলের কাছে নতুন করে ১৫ কোটি ১০ লাখ ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক ঘোষণায় জানানো হয়, ইসরায়েলের কাছে এক হাজার পাউন্ড ওজনের মোট ১২ হাজার বোমা বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জরুরি প্রয়োজন হওয়ায় এসব অস্ত্র কংগ্রেসের অনুমোদন প্রক্রিয়া ছাড়াই সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাধারণত বিদেশে অস্ত্র বিক্রির ক্ষেত্রে কংগ্রেসে পর্যালোচনা ও অনুমোদনের একটি নির্দিষ্ট প্রক্রিয়া থাকে। তবে এবারের সিদ্ধান্তে সেই প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে বলে কংগ্রেসকে জানানো হয়েছে।
কংগ্রেসে পাঠানো নোটিশে বলা হয়েছে, ইসরায়েল এই বোমাগুলো ঠিক কোথায় ব্যবহার করবে তা উল্লেখ করা হয়নি।
ঘোষণায় আরও বলা হয়, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি ইসরায়েলের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়াবে, দেশের প্রতিরক্ষা শক্তিশালী করবে এবং আঞ্চলিক হুমকির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা জোরদার করবে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ার মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সামরিক সক্ষমতা বাড়াতে ওয়াশিংটনের এই পদক্ষেপ আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এই অস্ত্র বিক্রির খবর এমন সময়ে এলো, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র সংঘাত চলছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা শুক্রবার এক দিনেই ইরানের ভেতরে চার শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ব্যবস্থা ও মানববিহীন উড়োজাহাজ সংরক্ষণাগার অন্তর্ভুক্ত ছিল।
ইরানের ত্রাণ ও উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত এক হাজার ৩৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।