
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বার্তার পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে বলেছেন, কোনো পরিস্থিতিতেই ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করবে না।
শনিবার (৭ মার্চ) দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে সিএনএনের লাইভ প্রতিবেদন।
এর আগের দিন ট্রাম্প ইরানকে উদ্দেশ করে বলেন, দেশটিকে সম্পূর্ণ ও শর্তহীনভাবে আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় যুদ্ধ অব্যাহত থাকবে। তার এমন বক্তব্যের পরপরই প্রতিক্রিয়া জানান ইরানের প্রেসিডেন্ট।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বার্তায় মাসুদ পেজেশকিয়ান বলেন, “তারা আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের স্বপ্নকে কবরে নিয়ে যাবে।”
এদিকে এর আগে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টও কঠোর সতর্কবার্তা দিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ শুরু করতে যাচ্ছে।
তিনি জানান, মার্কিন বাহিনীর হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। তার ভাষায়, এসব স্থাপনাকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দেওয়া হচ্ছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, গত শনিবার ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সংখ্যা ৮৬ শতাংশ কমে গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্ট-কমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সেই সংখ্যা আরও ২৩ শতাংশ কমেছে।