
লেবাননের পূর্বাঞ্চলে নতুন করে ইসরায়েলি বিমান হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। বেকা ভ্যালি অঞ্চলের নাবি শহরে চালানো এই হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার (৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) পূর্ব লেবাননের বেকা ভ্যালির নাবি শহরে বিমান হামলা চালায়। এতে বহু মানুষ হতাহত হন।
এর আগে গত এক সপ্তাহে দক্ষিণ লেবানন এবং রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোর বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেয় আইডিএফ। এর ফলে ওই অঞ্চলগুলো থেকে বিপুলসংখ্যক বেসামরিক মানুষ নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন।
সংঘাত শুরুর পর থেকে লেবাননে প্রাণহানির সংখ্যা দুই শতাধিক ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে প্রায় ৯৫ হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।