
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই নতুন বার্তা দিল তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে হামলা না হলে তাদের লক্ষ্য করে আর কোনো আক্রমণ চালাবে না ইরান।
দেশটির গণমাধ্যমে প্রচারিত এক বক্তব্যে তিনি বলেন, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, কোনো প্রতিবেশী দেশের মাটি ব্যবহার করে যদি ইরানের ওপর হামলা চালানো না হয়, তাহলে সেই দেশগুলোর বিরুদ্ধে ইরানও কোনো আক্রমণ করবে না।
তবে তিনি স্পষ্ট করেন, কোনো দেশের ভূখণ্ড থেকে যদি ইরানের বিরুদ্ধে হামলা পরিচালিত হয়, তখনই কেবল তেহরান সেই দেশকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানবে।
এদিকে প্রতিবেশী আরব দেশগুলোর দিকে হামলা চালানোর বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, 'আমাদের প্রতিবেশীদের লক্ষ্য করে হামলা করতে হচ্ছে বলে আমরা দুঃখিত, কিন্তু তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকার কারণেই এটি ঘটছে। প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই।'