
সিলেটের কানাইঘাটে এক আওয়ামী লীগ নেতার বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কানাইঘাট সদর ইউনিয়নের নিজচৌরা পশ্চিম গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি কানাইঘাট সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. তজমুল আলীর।
কানাইঘাট ফায়ার স্টেশনের ইনচার্জ আবদুল কাদির জানান, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং রাত সাড়ে ৮টার দিকে পুরোপুরি আগুন নেভানোর কাজ শেষ হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে। তিনি বলেন, বাড়ির মালিক প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তজমুল আলীর ছেলে আখতার আলম জানান, তাঁর বাবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে অসুস্থ। বাবার চিকিৎসার সুবিধার্থে রমজানের শুরুতে পরিবার নিয়ে কানাইঘাট উপজেলা বাজারসংলগ্ন একটি বাসায় চলে যান তারা। ফলে কয়েক দিন ধরে বাড়িটি খালি ছিল। তার দাবি, এই সুযোগে ইফতারের সময় দুর্বৃত্তরা বাড়িতে আগুন ধরিয়ে দেয়, যার ফলে ঘরের ভেতরে থাকা সবকিছু পুড়ে যায়।
আখতার আলম আরও বলেন, পারিবারিক কিছু বিষয় নিয়ে তাঁদের সঙ্গে চাচাদের দ্বন্দ্ব রয়েছে এবং স্থানীয়ভাবে এই বিষয়টি রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি দাবি করেন, আগুন নেভানোর পর শনিবার সকালে পুরোনো বাড়িতে গেলে তাঁদের ওপর হামলার চেষ্টা করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
তবে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি যেভাবে ছড়িয়েছে বাস্তবে তা সেভাবে নয়। তাঁর ভাষ্য, আওয়ামী লীগের রাজনীতি করেন বলে কেউ আগুন দিয়েছে—এমন কোনো প্রমাণ নেই। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পরিবারের ভেতরেই কিছু বিরোধ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।