
যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত একটি মামলার রায়ে জানিয়েছে, রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (আইইইপিএ) আইনের ক্ষমতার অপব্যবহার করেছেন। আদালত ট্রাম্প প্রশাসনকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। তবে ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। আপিল আদালত জানিয়েছে, এই রায় কার্যকর হবে আগামী ১৪ অক্টোবরের পর।
শুক্রবার (২৯ আগস্ট) রায়ে ১১ জন বিচারক অংশ নেন, যার মধ্যে ৭ জন ট্রাম্পের শুল্কনীতিকে ‘অবৈধ’ হিসেবে ঘোষণা করেছেন। আদালত জানায়, জরুরি অর্থনৈতিক ক্ষমতার আওতায় আরোপিত এই শুল্ক আইনবিরোধী এবং এটি নতুন আইনি সংঘর্ষের সৃষ্টি করতে পারে। রায়ে বলা হয়েছে, প্রেসিডেন্টের এই ধরনের ক্ষমতা নেই; শুল্ক আরোপের একমাত্র কর্তৃপক্ষ কংগ্রেসের হাতে।
ফেডারেল আপিল আদালতের রায় অনুযায়ী, আগামী ১৪ অক্টোবর পর্যন্ত এটি কার্যকর হবে না। ওই দিন মামলাটি সর্বোচ্চ আদালতে উঠবে, যেখানে চূড়ান্ত রায় দেওয়া হবে।
আদালতের এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আপিল কোর্টের রায়ে সব বিচারকের সম্মতি ছিল না। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে আমাদের দেশ এবং জাতীয় অর্থনীতি ধ্বংসের মুখে পড়বে। শুল্ক প্রত্যাহার আমাদের জন্য শতভাগ বিপর্যয় সৃষ্টি করবে।”
স্মরণযোগ্য, ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে আপিল করার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, “আমরা মনোবল হারাতে পারি না। এই রায়কে আমরা চ্যালেঞ্জ করব এবং আদালত জানে, যুক্তরাষ্ট্র এই লড়াই জিতবে।”