
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতের বাজেট এয়ারলাইন SpiceJet–এর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এই সিদ্ধান্তের ফলে কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ফ্লাইট পরিচালনায় তাৎক্ষণিক প্রভাব পড়েছে।
এনডিটিভি ও পিটিআইয়ের খবরে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশপথ ব্যবহার বাবদ উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বকেয়া রয়েছে স্পাইসজেটের। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে তাগাদা দেওয়া হলেও পাওনা পরিশোধ না করায় কঠোর পদক্ষেপ নেয় বাংলাদেশ কর্তৃপক্ষ। ফলে সংস্থাটির জন্য দেশের আকাশসীমা আপাতত বন্ধ রাখা হয়েছে।
এই নিষেধাজ্ঞার কারণে কলকাতা থেকে গুয়াহাটি বা ইম্ফলগামী ফ্লাইটগুলোকে এখন বাংলাদেশের আকাশপথ এড়িয়ে বিকল্প দীর্ঘ রুটে চলাচল করতে হচ্ছে। এতে সময় ও পরিচালন ব্যয় দুটোই বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার থেকেই স্পাইসজেটের বিমানগুলো বাংলাদেশকে পাশ কাটিয়ে দীর্ঘতর পথ ব্যবহার করছে।
এ বিষয়ে স্পাইসজেটের একজন মুখপাত্র বলেছেন, বিষয়টি সমাধানের জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কথা চলছে।
সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, এটি একটি নিয়মিত ব্যবসায়িক প্রক্রিয়া। বকেয়া পরিশোধের বিষয়টি গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
এদিকে এই খবর প্রকাশের পর শেয়ারবাজারে স্পাইসজেটের শেয়ারের দামে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।