
গাজায় রাফা সীমান্ত পুনরায় খোলার আগমুহূর্তে গাজায় তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যাতে একদিনেই ঝরে গেছে অন্তত ৩১টি প্রাণ। নিহতদের মধ্যে ছয়জন শিশু ও কয়েকজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় এই হামলার ঘটনা ঘটে। শনিবার ৩১ জানুয়ারি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে হতাহতের এই তথ্য জানানো হয়।
খবরে বলা হয়েছে, রাফা সীমান্ত খুলে দেওয়ার একদিন আগে এই হামলা চালানো হয়। মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, শনিবার খান ইউনিসের উত্তর-পশ্চিমের মাওয়াশি এলাকায় শরণার্থীদের তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে অন্তত সাতজন নিহত হন, যাদের মধ্যে তিনজন শিশু।
নিহতদের মরদেহ খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে। একই দিনে রেমালে একটি অ্যাপার্টমেন্টে চালানো পৃথক হামলায় আরও অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হন। ওই হামলায় অন্তত আটজন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
গাজায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ এই হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।