
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক দিনে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগটিতে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনে। একই সময়ে নতুন করে ৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৩০ জন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয়ের প্রকাশিত পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়। তারা হলো—সিলেটের বিয়ানীবাজারের শহীদুল ইসলামের এক বছর বয়সী ছেলে আবদুল্লাহ আল সাফওয়ান, কোম্পানীগঞ্জের মকবুল হোসাইনের ৯ মাস বয়সী ছেলে জিসান আহমেদ এবং হবিগঞ্জ সদরের মিজানুর রহমানের তিন মাস ২৪ দিন বয়সী শিশু জায়ান।
চলতি বছর হাম ও এর উপসর্গে জেলাভিত্তিক মৃত্যুর হিসাবে সিলেটে সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ৩২ জন এবং মৌলভীবাজারে ১৬ জন মারা গেছেন।
এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৪ জন ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ৪৩০ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৬ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন রয়েছেন। এ ছাড়া বিশ্বনাথ ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে।