
নির্বাচনের সময় ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ভোট আদায়ের রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘বেহেশতের প্রলোভন’ দেখিয়ে ভোট চাওয়া এবং পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নাচার অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনের সময় পূজামণ্ডপে ভোট চাইতে গেলেও এবার সেখানে জামায়াত নেতাদের দেখা যায়নি।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বিরোধী দলকে ধর্মকে পুঁজি করে রাজনীতি না করে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
ঢাকার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতসহ বিরোধী জোটের নেতাদের অনুপস্থিতি নিয়েও সমালোচনা করেন মীর শাহে আলম। দাওয়াতপত্রে বিরোধীদলীয় নেতার নাম না থাকার বিষয়টিকে ‘খোঁড়া অজুহাত’ বলে মন্তব্য করেন তিনি।
জ্বালানি সংকটের প্রতিবাদে বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, রাজপথে কর্মসূচি না দিয়ে সংসদে এসে নিজেদের দাবি তুলে ধরা উচিত।
এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে গঠিত সংবিধান সংশোধনী কমিটিতে বিরোধী দলের জন্য সংরক্ষিত পাঁচটি পদে প্রতিনিধি দেওয়ার আহ্বান জানান তিনি।