
দেশে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৮ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে।
রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া ঢাকা বিভাগে আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যায় শীর্ষে রয়েছে খুলনা বিভাগ। এ অঞ্চলে নতুন করে ৩৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকা বিভাগে ৩১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৮ জন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
এ ছাড়া বরিশাল বিভাগে ১৩৭ জন, রাজশাহী বিভাগে ১১২ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন, রংপুর বিভাগে ৫৬ জন এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে মোট ১১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশনসহ এ অঞ্চলে প্রাণ হারিয়েছেন ৬২ জন।
অন্যদিকে, একই সময়ে খুলনা বিভাগে ১৯ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন এবং রাজশাহী বিভাগে চারজন ডেঙ্গুতে মারা গেছেন। রংপুর ও সিলেট বিভাগে এ রোগে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে।