
চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর পর্যন্ত পরিস্থিতি অবনতির ঝুঁকি রয়েছে। এ অবস্থায় আগেভাগেই সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এ এম এ মুহিত।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের টানেলে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, তথ্য ও ডাটার ভিত্তিতে দেখা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। তাই অক্টোবরের আগেই সবাইকে সতর্ক হতে হবে। তা না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
তিনি বলেন, আগের বছরের তুলনায় এ বছর এখনো ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল থেকে জনগণকে সঙ্গে নিয়ে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ সব ধরনের প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে রাজধানী ঢাকায় যেন মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু মোকাবিলা শুধু সরকারের একার দায়িত্ব নয়। জনগণকে সম্পৃক্ত করেই মাঠপর্যায়ে প্রতিরোধমূলক কার্যক্রম চালাতে হবে। সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।