
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৩১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
অধিদফতর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ফলে দেশের অধিকাংশ জেলাতেই রোগটির বিস্তার ঘটেছে।
স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়তে পারে। তাই মশার বিস্তার রোধে প্রয়োজনীয় সতর্কতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গু পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। ওই বছর মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং প্রাণ হারান ৪১৩ জন।