
গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের মামলায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন আদালত।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমনি। পরে বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি। একই সঙ্গে জামিনের আবেদন জানান।
শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল পরীমনির বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আমরা আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করি। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে আদেশ দেন।’
এর আগে বুধবার (৪ নভেম্বর) মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমণি। তার পক্ষে সময় চেয়ে আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। পরে তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়।
আদালতে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানিয়েছিলেন, অ্যালার্জিজনিত সমস্যায় অসুস্থ থাকায় তার মক্কেল আদালতে আসতে পারেননি। এ কারণে পরবর্তী শুনানির দিন ধার্যের আবেদন করা হয়েছিল।
আদালত সূত্রে জানা যায়, বুধবার মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে পরীমণিসহ তিন আসামির জামিন বাতিলের আবেদন করেন। এ বিষয়ে শুনানির সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।