
শাড়ি নিয়ে বিরোধের ঘটনায় করা মামলার বাদী ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা হয়েছে। সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করেন সানায়া চৌধুরী।
বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সানায়া চৌধুরীর আইনজীবী শুভ্র সিনহা রায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে হবে।
মামলার অভিযোগে বলা হয়েছে, শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকি দেওয়ার অভিযোগে এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন নাহার তিশার বিরুদ্ধে মামলা করেছিলেন সানায়া চৌধুরী।
তবে ওই মামলার তদন্ত শেষে সম্প্রতি পুলিশ তানজিন তিশাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে প্রতিবেদন জমা দেয়। এর বিরুদ্ধে গত ২৫ অক্টোবর আদালতে নারাজি আবেদন করেন সানায়া। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আবেদনটি গ্রহণ করে মামলাটি পুনরায় তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।
নতুন মামলার অভিযোগে সানায়া চৌধুরী দাবি করেছেন, পুনঃতদন্তের নির্দেশ দেওয়ার পর তানজিন তিশা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দিয়েছেন। পাশাপাশি তাঁর বাসায় লোকজন পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এসব ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন বাদী।