
যেখানে বইয়ের পাতায় জ্ঞানের চাষ হয়, সেখানে আজ ফুলের চাষ। মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের আঙিনায় এখন শুধু কোলাহল নয়, রঙেরও মেলা। সোমবার (২৬ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়,স্কুলের বারান্দা ঘেঁষে ফুটে আছে হাজারো হলুদ কসমস। বাতাসে দুলছে, রোদে হাসছে। আর সেই ফুলের পাশেই দাঁড়িয়ে সবুজ সাদা ইউনিফর্মে আমাদের কিশোরীরা। কে যেন ফুলের সৌরভ নিচ্ছে, কে যেন আলতো হাতে পরিচর্যা করছে।
এ যেন এক অপরূপ দৃশ্য - মানুষ ফুলের যত্ন নিচ্ছে, আর ফুল মানুষকে সুন্দর করছে।
এই বাগান শুধু সৌন্দর্য নয়, এটি শিক্ষা। এই ফুলগুলো মেয়েদের শেখাচ্ছে কিভাবে যত্ন নিতে হয়, কিভাবে সৌন্দর্যকে ভালোবাসতে হয়, কিভাবে একটি প্রতিষ্ঠানকে নিজের ঘরের মতো করে সাজাতে হয়।
স্কুল কর্তৃপক্ষের এমন উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণ আজ আর শুধু ইট-কাঠের ভবন নয়, এটি হয়ে উঠেছে আনন্দ, সৌন্দর্য ও স্বপ্নের এক বাগান।
এই ফুলের মতোই ফুটুক আমাদের মেয়েরা। ছড়িয়ে দিক আলো, জ্ঞান আর সুবাস - পাহাড় থেকে সমতল পর্যন্ত।
মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল হাশেম বলেন, স্কুল আঙ্গিনায় যে ফুলের বাগান তা শুধু কয়েকটা ফুল গাছ নয়, এটা আমাদের মেয়েদের স্বপ্নের প্রতিফলন।
স্কুলের সবুজ আঙ্গিনা থেকে মেয়েরা শুধু ভালো ছাত্রী নয়,ভালো মানুষ হিসেবে গড়ে উঠার আশা ব্যক্ত করেন তিনি।