
ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ধুরন্ধর’-এর জনপ্রিয় গান ‘শরারত’ গেয়ে ব্যাপক আলোচনায় আসা ভারতীয় গায়িকা জেসমিন স্যান্ডলাস কনসার্টের মঞ্চেই নিজের বাগদানের ঘোষণা দিয়েছেন। দিল্লিতে অনুষ্ঠিত কনসার্টে তিনি বাগদত্তা শেখর চৌধুরীর সঙ্গে দর্শকদের পরিচয়ও করিয়ে দেন।
শনিবার (১১ জুলাই) নয়াদিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর উদ্বোধনী কনসার্টে পারফরম্যান্সের একপর্যায়ে হাতে থাকা বাগদানের আংটি দর্শকদের দেখান জেসমিন। এরপর মঞ্চে ডেকে আনেন শেখর চৌধুরীকে।
আবেগঘন মুহূর্তে জেসমিন বলেন, “এই মানুষটিই আমার আঙুলে আংটি পরিয়েছে। সেও-ই আমার মনের মানুষ।”
ঘোষণার পর দর্শক-শ্রোতারা করতালি ও উচ্ছ্বাসে তাদের অভিনন্দন জানান। এ সময় শেখরকে জড়িয়ে ধরেন জেসমিন, আর শেখরও তাকে কোলে তুলে নিলে পুরো কনসার্টে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
জানা গেছে, ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর পরবর্তী আয়োজন হবে মুম্বাই, বেঙ্গালুরু ও চণ্ডীগড়ে।
উল্লেখ্য, সালমান খান অভিনীত ‘কিক’ সিনেমার ‘ইয়ার না মিলে’ গান দিয়ে পরিচিতি পান জেসমিন স্যান্ডলাস। পরে তার একাধিক একক গান জনপ্রিয়তা অর্জন করে। তবে ‘ধুরন্ধর’ ছবির ‘শরারত’ এবং পরবর্তী ‘যাইয়ে সজনা’ গান দুটি তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়।