
অ্যাকশনধর্মী নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে বলিউড সুপারস্টার শাহরুখ খান। ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর রেকর্ড সাফল্যের পর তার নতুন এই সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। একই সঙ্গে ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার মেয়ে সুহানা খানের।
ক্রিসমাসে মুক্তির লক্ষ্য থাকলেও সিনেমাটির কাজ ইতোমধ্যেই শেষ পর্যায়ে পৌঁছেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আগামী আগস্টের মধ্যেই শুটিং শেষ হবে। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এর বাজেট ধরা হয়েছে প্রায় সাড়ে ৪৫০ কোটি টাকা। প্রায় ১৫০ দিনের দীর্ঘ শুটিং সূচিতে শাহরুখ খান, সুহানা খান এবং সিনেমাটির অন্যান্য শিল্পী-কলাকুশলীরা অংশ নিয়েছেন।
সিনেমাটিকে ঘিরে শাহরুখের বাড়তি আবেগের অন্যতম কারণ মেয়ে সুহানার অভিষেক। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এই বিষয়টিই ‘কিং’-এর সবচেয়ে বড় আকর্ষণ। তাই সিনেমাটির প্রচার-প্রচারণা ও মুক্তির আয়োজনেও কোনো ধরনের ঘাটতি রাখতে চান না শাহরুখ।
রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স প্রযোজিত এই ছবির কাহিনি আবর্তিত হয়েছে শহরের অপরাধজগতের এক প্রভাবশালী ডনকে ঘিরে। তার নির্দেশেই পরিচালিত হয় পুরো অপরাধচক্র। সেই ডনের একজন নিবেদিতপ্রাণ শিষ্যাকে কেন্দ্র করেও গল্প এগিয়ে যায়, যিনি গুরুর প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন।
নির্মাতারা জানিয়েছেন, আন্তর্জাতিক স্টান্ট টিমের তত্ত্বাবধানে সিনেমাটিতে এমন কিছু অ্যাকশন দৃশ্য ধারণ করা হয়েছে, যা বলিউডে আগে দেখা যায়নি। পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তারকাবহুল এই সিনেমায় শাহরুখ ও সুহানার পাশাপাশি অভিনয় করেছেন অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং জয়দীপ অহলাওয়াত।
সবকিছু ঠিক থাকলে বড়দিনে মুক্তি পাবে ‘কিং’। বাবা-মেয়ের প্রথম যৌথ উপস্থিতি বড় পর্দায় দেখতে এখন থেকেই মুখিয়ে রয়েছেন শাহরুখ ভক্তরা।