
অভিনেত্রী ও মডেল তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালত সমন জারি করেছেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ আগস্ট তাকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।
মামলার নথি অনুযায়ী, অনলাইনভিত্তিক ফ্যাশন প্ল্যাটফর্ম ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি গ্রহণ করেন তানজিন তিশা। অভিযোগে বলা হয়েছে, শাড়িটির প্রচারণা এবং মূল্য পরিশোধের বিষয়ে তিনি প্রতিশ্রুতি দিলেও পরে আর যোগাযোগ রাখেননি। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়।
তবে অভিযোগের বিষয়ে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করে তানজিন তিশা দাবি করেছিলেন, সংশ্লিষ্ট শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
বাদীপক্ষ জানায়, আইনি নোটিশ পাঠানোর পরও কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে গোয়েন্দা (ডিবি) পুলিশ বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়।
আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক ভিত্তি পাওয়া গেছে। সেই প্রতিবেদনের আলোকে আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন। এখন মামলার বিষয়টি আদালতেই নিষ্পত্তি হবে।
এদিকে আদালতের এ আদেশের বিষয়ে তানজিন তিশার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।