
দীর্ঘ প্রায় চার দশকের দাম্পত্য জীবন পেরিয়ে এবার স্বামী গোবিন্দের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করলেন স্ত্রী সুনীতা আহুজা। একটি রিয়্যালিটি শোতে অংশ নিয়ে তিনি দাবি করেছেন, বিয়ের পর গোবিন্দের একাধিক প্রেমের সম্পর্ক ছিল। তার এই বক্তব্য ঘিরে বলিউডে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন দীর্ঘদিন ধরেই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতিকে ঘিরে নানা আলোচনা থাকলেও এবার নিজেই বৈবাহিক জীবনের অজানা অধ্যায় সামনে আনলেন সুনীতা।
শনিবার (২৭ জুন) থেকে শুরু হওয়া রিয়্যালিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’-এর নতুন মৌসুমে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন তিনি। রিতেশ দেশমুখ ও ফারাহ খানের সঞ্চালনায় প্রচারিত অনুষ্ঠানের প্রথম পর্বেই স্বামী গোবিন্দকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সুনীতা।
অনুষ্ঠানে ফারাহ খান অতীতে প্রকাশিত একটি শিরোনাম পড়ে শোনান, যেখানে লেখা ছিল— “আমি গোবিন্দের মতো ছেলে চাই, কিন্তু তার মতো স্বামী চাই না।”
এর ব্যাখ্যায় সুনীতা বলেন, ভালোবাসার সম্পর্কে অনেক কিছুই মেনে নিতে হয়। তিনি জানান, গোবিন্দের জীবনে বহু নারীর সঙ্গে সম্পর্ক ছিল এবং তার মতে, নায়ক-নায়িকাদের ক্ষেত্রে এমন ঘটনা খুব অস্বাভাবিক নয়। তবে এত বছর ধরে সংসার টিকিয়ে রেখে স্বামীর পাশে থাকার অভিজ্ঞতার কারণেই তিনি মনে করেন, গোবিন্দের মতো ছেলে পাওয়া ভালো হলেও স্বামী হিসেবে নয়।
শো চলাকালে রিতেশ দেশমুখ মজা করে গোবিন্দের জনপ্রিয় গানকে উল্লেখ করে আরেকটি শিরোনাম পড়ে শোনান— “যতক্ষণ স্বামী-স্ত্রী একসাথে থাকে, ততক্ষণ চোখ দিয়ে গুলি চলে (আঁখিও সে গোলি মারে)। কিন্তু যখন কোনো তৃতীয় ব্যক্তি মাঝে আসে, তখন হাঁটুতে গুলি লাগে।”
জবাবে রসিকতার সুরেই সুনীতা বলেন, “চি চি (গোবিন্দের ডাকনাম), যদি শুনে থাকো তবে ভালো করে শুনে নাও; জীবনে অন্য কেউ আসলেই কিন্তু হাঁটুতে গুলি লাগবে।” এরপর গোবিন্দের পায়ে গুলি লাগার সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি মজা করে বলেন, “তিনি তখন মুম্বাইতেই ছিলেন না, ছিলেন খাতু শ্যামে। অথচ অনেকেই রটিয়ে দিয়েছিল যে গুলিটি হয়তো তিনিই চালিয়েছেন।”
উল্লেখ্য, ১৯৮৭ সালে গোবিন্দ ও সুনীতা গোপনে বিয়ে করেন। প্রায় দুই বছর তারা এই বিয়ের খবর জনসমক্ষে প্রকাশ করেননি। প্রথম সন্তান টিনা আহুজার জন্মের পর আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। পরে তাদের সংসারে ইয়াশবর্ধন আহুজা নামে আরও এক পুত্রসন্তানের জন্ম হয়।
ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত এই রিয়্যালিটি শোতে সুনীতার এমন অকপট মন্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।